সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে অনিয়মের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদেরও যাচাই-বাছাই করে বাদ দেওয়ার কার্যক্রম চলছে বলে জানান তিনি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য জামায়াতে ইসলামীর মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
আহমেদ আযম খান বলেন, ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার বিভিন্ন কারণে অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি। তাঁদের তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
পাশাপাশি মুক্তিযোদ্ধা না হয়েও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।
যাচাই-বাছাইয়ে অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, ইতোমধ্যে অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকৃত ও নির্ভুল মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।