মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফারজানা শারমীন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এতিম, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে দেওয়া এই সরকারি অনুদান সামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি অনুদানের অর্থ যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যয়ের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, অনুদানপ্রাপ্ত বিভিন্ন এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।