শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
মোংলা থেকে মোঃ নূর আলম :: সুপেয় পানির সংকট নিরসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং উপকূলের জেলে ও মৎস্যসম্পদ রক্ষায় শর্তহীন জলবায়ু অর্থায়নের দাবিতে মোংলায় মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় মোংলার দক্ষিণ কাইনমারির পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ, খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন ও প্রানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশো উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলের মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয়ে পড়েছে। চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। কৃষক, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর উদ্যোগ এবং কৃষি ও খাদ্য ব্যবস্থায় পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, অনুদান দিতে হবে। কৃষি ও জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু সিদ্ধান্ত গ্রহণে উপকূলীয় নারী, জেলে ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মোংলা নাগরিক সমাজের সভাপতি মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এস এম জানে আলম বাবু, আবু হাসান, রত্না শেখ, তন্বী মন্ডল, মেহেদী হাসান ও প্রদীপ সরকার প্রমুখ।