শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
দেশ গৃহযুদ্ধের দিকে গেলে দায় নিতে হবে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে : মঞ্জু ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন আওয়ামী সন্ত্রাস আরও বাড়লে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে: এ বি পার্টির চেয়ারম্যান হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর আইএইউপির সেমি-অ্যানুয়াল মিটিং: বিশ্বের বিশ্ববিদ্যালয়প্রধানদের মিলনমেলা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

মোংলায় সুন্দরবন ও উপকূল রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মোংলা প্রতিনিধি, মোঃ নূর আলম :: জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও উপকূল রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশকর্মী, জেলে, বনজীবী ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবন ও উপকূলের প্রাণ-প্রকৃতি আজ মারাত্মক হুমকির মুখে। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, আর উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে মানববন্ধন, মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, পশুর রিভার ওয়াটারকিপার, ক্লাইমেট অ্যাকশন ফোরাম, উদয়ন যুবসংঘ, আশা হফনুং ও সৈয়দ শাকিল ট্রাস্টের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন ফোরাম মোংলার সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। বক্তব্য দেন উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম এবং লিডার্সের বদরুন্নেসা মিলি ও ফাতেমা জান্নাত।

সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটি এশিয়ার ফুসফুস। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। সুন্দরবনকে রক্ষা করতে হলে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য সবুজ জ্বালানির সম্প্রসারণের দাবি জানান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ লক্ষাধিক বনজীবী ও জেলের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। লবণাক্ততা বৃদ্ধি, কয়লা ও শিল্পদূষণের কারণে নদ-নদীতে মাছের সংকট দেখা দিয়েছে। উপকূলীয় এলাকায় নিরাপদ খাবার পানির অভাব প্রকট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ঝুঁকি বাড়ায় জেলে, বাওয়ালি, মৌয়ালসহ উপকূলের মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দয়া-দাক্ষিণ্য নয়, উন্নত বিশ্বের কাছে ন্যায্য ক্ষতিপূরণ চাই।

জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে নারী ও শিশুদের ওপর। দীর্ঘদিন লবণাক্ত পানি ব্যবহারের ফলে নারীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন জটিলতা বাড়ছে। তিনি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিঃশর্ত অর্থায়নের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ বিশ্বে মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। অথচ জলবায়ু তহবিলের বড় একটি অংশ উন্নয়নশীল দেশগুলোকে ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণ নয়, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে সুপেয় পানির নিশ্চয়তা, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন, শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তোলা, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলের মানুষকে রক্ষা করে। তাই সুন্দরবন রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিপূরণ নিশ্চিতকরণ এবং উপকূলের মানুষের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: