মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :: নড়াইলে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেছেন। ফোনগুলো পেয়ে খুশি হয়েছেন ভুক্তভোগীরা।
এসময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।