মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া :: সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচার, স্পষ্টীকরণ দিলেন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক
আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম সিদ্দিকীর বিএনপিতে যোগদানের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন (বাচ্চু) ও সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান (সজল)।
সোমবার (২ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক স্পষ্টীকরণে তাঁরা এ তথ্য জানান। উপজেলা বিএনপির দলীয় প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে স্পষ্টীকরণটি প্রকাশ করা হয়।
স্পষ্টীকরণে বলা হয়, গত ২৮ অক্টোবর কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সংসদ সদস্যসহ দলীয় নেতারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় ভাটেরা ইউনিয়নের আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম সিদ্দিকী এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে এসে সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো রাজনৈতিক যোগদান নয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও নতুন করে দলে যোগদানের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না বলে স্পষ্টীকরণে উল্লেখ করা হয়।
সৌজন্য সাক্ষাতের ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিতে যোগদানের যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা।
স্পষ্টীকরণে তাঁরা আরও উল্লেখ করেন, বিষয়টি দলীয় যোগদান নয়, কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল। এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক মূল্যায়নের জন্য জেলা বিএনপির নেতাদের অবগত করা হয়েছে।