গতকাল দিনভর বৃষ্টির কারণে শেখপুর নতুন স্ট্যান্ড থেকে কাঁচাবাজার হয়ে মাছ বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সড়ক ও বাজারের বিভিন্ন অংশে পানি আটকে থাকে। ফলে এসব পথে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে বাজারে আসা নারী, শিশু ও বয়স্ক মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই যদি বাজারের এমন বেহাল অবস্থা তৈরি হয়, তাহলে ভারী বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় এ সমস্যার সমাধান হচ্ছে না।
এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, শেখপুর নতুন স্ট্যান্ড থেকে কাঁচাবাজার ও মাছ বাজার পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য দ্রুত একটি কার্যকর ড্রেন নির্মাণ করা হোক।
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্টরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।