শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ থেকে: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অভ্যন্তরে একের পর এক টং ঘর বা টিনের ছাপড়ার দোকান গড়ে উঠেছে। বর্তমানে শতাধিক অস্থায়ী দোকানে চলছে চায়ের আড্ডা, মুদি মালামাল কিংবা খাবারের ব্যবসা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচ্ছন্ন মদদেই এসব দোকান টিকে আছে বলে অভিযোগ রয়েছে। ফলে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ ঘেঁষে সারিবদ্ধভাবে গড়ে ওঠা এসব দোকান ইতিমধ্যেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।
অভিযোগ রয়েছে, এই বাজার থেকে ভাড়া বাবদ যে টাকা আদায় হয়, তার কোনো হিসাব রাখে না কর্তৃপক্ষ। বরং একটি প্রভাবশালী মহল নিয়মিত সেই টাকা হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী বলেন, “আমাদের তেমন কিছু বলার নেই। কর্তৃপক্ষ চাইলে এসব অস্থায়ী টংঘর তুলে দিয়ে পরিকল্পিতভাবে পাকা মার্কেট নির্মাণ করতে পারত। এতে একদিকে পরিবেশ পরিচ্ছন্ন হতো, অন্যদিকে বিশ্ববিদ্যালয়েরও রাজস্ব আয় বাড়ত।”
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। রেজিস্ট্রার মো. এনামুজ্জামান ও ডেপুটি রেজিস্ট্রার মোরাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। তবে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ হামীম খন্দকার সংক্ষেপে বলেন, “এ বিষয়ে রেজিস্ট্রার স্যারই ভালো বলতে পারবেন। কোনো তথ্য জানতে চাইলে তার সাথেই যোগাযোগ করতে হবে।”