বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলের দরজা খুলে নিলেন মার্নাস লাবুশেন। সবশেষ সাত ম্যাচে পাঁচ সেঞ্চুরি করে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেলেন অভিজ্ঞ ব্যাটার।
পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। ওই ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে জায়গা হয়নি স্যাম কন্সটাসের। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জ্যাক ওয়েদারাল্ড।
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন লাবুশেন। এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরে রানের বন্যা বইয়ে দেন। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে সবশেষ সাত ম্যাচের ৮ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেন অভিজ্ঞ ব্যাটার৷
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। সবশেষ ৪ টেস্টে দুজনই খেলেছেন একাদশে। অ্যাশেজেও অস্ট্রেলিয়া সেই পথে হাঁটবে কিনা, সেটি দেখার।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চোটে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। পেস বিভাগে জশ হেজেলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে আছেন শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট।
প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার।