বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি:
গণতান্ত্রিক উপায়ে সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশ দলিল লিখক সমিতি চৌদ্দগ্রাম শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে মীর আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫৮ জন ভোটার ৯টি পদের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ শাহনেওয়াজ ৩৪ ভোট এবং সেক্রেটারি পদে মীর আলমগীর হোসেন ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি: মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক: মোঃ আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক: রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক : মোঃ আবদুল হামিদ, অর্থ সম্পাদক: আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক : কামাল হোসেন, প্রচার সম্পাদক: রতন কুমার মজুমদার, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ দলিল লিখক এনামুল হক চৌধুরী এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এনামুল হক চৌধুরী বলেন, “উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু ও শেষ হয়েছে। প্রত্যেক ভোটার স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।” নবনির্বাচিত সভাপতি মোঃ শাহনেওয়াজ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে দলিল লিখকরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করেছেন। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, ইনশাআল্লাহ দলিল লিখকদের কল্যাণে কাজ করে সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।