শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পুনরায় দলে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপাতত সংযত অবস্থান নিয়ে সাকিব জানিয়েছেন, এ বিষয়ে তিনি ধীরে-সুস্থেই নিজের প্রতিক্রিয়া জানাবেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে ভবিষ্যৎ স্কোয়াডের জন্য পুনরায় বিবেচনায় রাখার সিদ্ধান্ত হয়। বিষয়টি জানার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।’
প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব দেশে ফিরে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি আর দেশে ফেরেননি।
শনিবার রাতে বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে ফেরানোর বিষয়টি জানান বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন ‘আমাদের বোর্ডে এ বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানকে সময়মতো পাওয়া, ফিটনেস এবং এক্সেসিবিলিটি আর যেখানে খেলা হবে ওখানে যদি উপস্থিত থাকার মতো অবস্থা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচনা করবে। সাকিব যাতে অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারে, বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’