শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার বিকেলে হস্তিশুণ্ড মোস্তফা আল মাদানী ইয়াতিমখানা ও মাদ্রাসা মাঠে বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন যুগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন বিএনপির প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র প্রবাসী) মো. কবির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ. ফা. ম. শামসুজ্জোহা আজাদ, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আব্বাস তালুকদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু নির্বাচিত হলে এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে বলেও বক্তারা জানান।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকায় এ বৈঠককে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।