রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
গামী ৮-১১ এপ্রিল ভারতে হতে চলা সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বাংলাদেশ। সে লক্ষ্যে জুনিয়র টেবিল টেনিস দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। বিকেএসপিতে শুরু হওয়া এই ক্যাম্পে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা বিভাগের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ইতোমধ্যে ১৫ জন যোগ দিয়েছে।
বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহর নেতৃত্বে কোচিং দায়িত্বে থাকবেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, ‘এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন থেকে আনুষ্ঠানিক প্রসপেক্টাস পাওয়ার আগেই প্রাথমিক দল গঠন করে ৩৩ দিনের আবাসিক ক্যাম্প শুরু করেছি। পারফরম্যান্সের ভিত্তিতে ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্পন্সর পাওয়া গেলে অতিরিক্ত চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও সঙ্গে নেয়ার চেষ্টা থাকবে।’
টিম ম্যানেজার তাহমিনা তারমিন বিনু বলেন, ‘সীমিত সময়ের প্রস্তুতি হওয়ায় ক্যাম্পে ঈদের ছুটি বাতিল করা হয়েছে এবং জাতীয় স্বার্থে খেলোয়াড়রা সকাল, বিকাল এবং রাতে ৩ বেলা নিবিড় অনুশীলন চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ভালো ফল অর্জন করবে।’