মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
এশিয়ান কাপ বাছাই পর্বে আজ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী কোচ হাভিয়ের কাবরেরারও শেষ ম্যাচ এটি। এ ম্যাচে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে হামজা, জামালরা। সিঙ্গাপুরের কালাং জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাছাই পর্বে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের অর্জন সর্বোচ্চ ১১ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। আর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত। আজ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে বাছাই পর্বের মিশন শেষ করতে চায় কোচ হাভিয়ের কাবরেরার দল।
সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলে ফিফা র্যাংকিংয়েও এগিয়ে আসার সুযোগ থাকবে। তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয় অধরা রয়ে গেছে। সেই আক্ষেপও দূর হবে বাংলাদেশের। তবে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের টার্গেট করলেও ম্যাচ কঠিন হবে। বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে তারা।
এবার ঘরের মাঠে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়োৎসব করতে চাইবে দ্য লায়নসরা। অতীত পরিসংখ্যানেও এগিয়ে তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করলেও এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সর্বশেষ গত জুনে সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ২-১ গোলে হারে লাল-সবুজের জার্সিধারীরা। সব মিলিয়ে শক্তিশালী এই দলটির বিপক্ষে জেতা কঠিন কাজ হবে। তবে এই ম্যাচের আগে র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটিতে ৩-০ গোলে হেরেছে তারা। তবে এই ম্যাচের ভুলগুলো শুধরে সিঙ্গাপুরের মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার অপেক্ষায় হামজারা।