রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
বাঙলার জাগরণ ডেস্ক : না ফেরার দেশে চলে গেছেন প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীত শিক্ষক কামরুদ্দীন আবসার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুদ্দীন আবসার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার (১ জুন) সকালে কামরুদ্দীন আবসারের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে।
কামরুদ্দীন আবসারের জানাজা হবে রোববার বাদ জোহর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দীন আবসার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ২০১১ সালে স্ট্রোক করেন। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
কামরুদ্দীন আবসারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক-রাজনৈতিক অঙ্গনের মানুষ শোক প্রকাশ করেছেন। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।