শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক : বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সদ্যপ্রয়াত সভাপতি কমরেড মোসাদেক হোসেন স্বপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে আয়োজিত শোকসভায় শ্রমিক-কর্মচারী ও পেশাজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক আন্দোলন বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন আয়োজিত এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া।
শোকসভায় প্রয়াত কমরেড মোসাদেক হোসেন স্বপনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি ও স্কপ নেতা সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, স্কপ নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার, স্কপের যুগ্ম সমন্বয়কারী এ এম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও স্কপের যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, ফেডারেশনের আইন-সালিশি বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, প্রয়াত নেতার বড় ভাই শওকত হোসেন এবং একমাত্র ছেলে ইসতিহাদ মোসাদেক বিসহ অন্যরা।
বক্তারা বলেন, কমরেড মোসাদেক হোসেন স্বপন ছিলেন শ্রমিক আন্দোলনের আদর্শের এক উজ্জ্বল প্রতীক। শ্রমজীবী ও পেশাজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁকে শ্রমজীবী মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করতে হবে। একই সঙ্গে শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
শোকসভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, জাতির অগোচরে চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্পকারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ চলছে বলে তাঁরা উল্লেখ করেন। এসব উদ্যোগের বিরুদ্ধে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, শ্রমিক-কর্মচারী ও পেশাজীবী মানুষের অধিকার রক্ষা, রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার স্বার্থ সংরক্ষণ এবং শ্রমিক শ্রেণির ন্যায্য দাবি আদায়ে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। প্রয়াত নেতার আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করে শ্রমিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।
শোকসভা সঞ্চালনা করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল মোতালেব।