রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
প্রযুক্তি ডেস্ক: উন্মোচনের এখনও প্রায় দুই মাস বাকি। কিন্তু তার আগেই অ্যাপলের বহুল আলোচিত আইফোন ১৮ প্রো সিরিজ নিয়ে একের পর এক তথ্য ফাঁস হচ্ছে। সম্ভাব্য দাম, নকশা, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি থেকে শুরু করে বাজারে আসার সময়—সবকিছু নিয়েই নতুন নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার আইফোন ১৮ প্রো সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্যামেরা প্রযুক্তি এবং ২ ন্যানোমিটার প্রসেসরে। একই সঙ্গে এটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে দামি আইফোন।
দাম ছুঁতে পারে প্রায় ২ লাখ টাকা
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট PhoneArena-এর তথ্য অনুযায়ী, চীনে আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রারম্ভিক মূল্য হতে পারে প্রায় ১১ হাজার ইউয়ান। যা ডলারে প্রায় ১ হাজার ৬২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় কর ও শুল্ক বাদে এর সম্ভাব্য দাম দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৯৭ হাজার টাকা।
বিশ্লেষকদের মতে, ২ ন্যানোমিটার চিপ তৈরির উচ্চ ব্যয় এবং ১২ জিবি র্যামের মূল্য বৃদ্ধির কারণেই নতুন আইফোনের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
টাটা গ্রুপে সাইবার হামলায় ফাঁস নকশা
অ্যাপলের গোপন তথ্য ফাঁসের পেছনে রয়েছে ভারতের টাটা ইলেকট্রনিকসের সার্ভারে হওয়া একটি বড় সাইবার হামলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ‘ওয়ার্ল্ড লিকস’ নামের একটি হ্যাকার গ্রুপ টাটার হোসুর কারখানার সার্ভার থেকে প্রায় ৬৩০ গিগাবাইট তথ্য চুরি করে।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে আইফোন ১৮ প্রোর থ্রিডি ব্লুপ্রিন্ট, বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারীর তালিকা এবং ড্রপ-টেস্টের বাস্তব ছবি। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অ্যাপল।
২ ন্যানোমিটারের এ২০ প্রো চিপ
আইফোন ১৮ প্রো সিরিজে ব্যবহার করা হচ্ছে অ্যাপলের নতুন এ২০ প্রো প্রসেসর, যা তৈরি করছে তাইওয়ানের টিএসএমসি। এটি বিশ্বের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপগুলোর একটি হতে পারে।
নতুন এই প্রসেসরে থাকবে গেট-অল-অ্যারাউন্ড (GAA) প্রযুক্তি, যা বিদ্যুৎ খরচ কমিয়ে কর্মক্ষমতা বাড়াবে। ফলে বর্তমান প্রজন্মের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি গতি এবং ২৫-৩০ শতাংশ পর্যন্ত ব্যাটারি সাশ্রয় পাওয়া যেতে পারে।
১২ জিবি র্যাম, আরও শক্তিশালী এআই
এবার প্রথমবারের মতো আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে ১২ জিবি র্যাম যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল।
এর মূল উদ্দেশ্য হলো নতুন Apple Intelligence ও উন্নত Siri AI-এর মতো অন-ডিভাইস এআই ফিচার আরও দ্রুত চালানো। এর ফলে ইন্টারনেট ছাড়াই ফোনের ভেতরে বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে এবং স্ক্রিনে থাকা তথ্য মুহূর্তেই বিশ্লেষণ করে প্রয়োজনীয় সহায়তা দিতে পারবে।
ক্যামেরায় আসছে ডিএসএলআরের অভিজ্ঞতা
ক্যামেরায় এবার বড় পরিবর্তন আনছে অ্যাপল। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রোর ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরায় যুক্ত হচ্ছে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি।
এই প্রযুক্তির মাধ্যমে আলোর পরিমাণ অনুযায়ী লেন্সের মুখ ছোট বা বড় করা যাবে। ফলে কম আলোতে আরও ভালো ছবি, সিনেমাটিক ভিডিও এবং স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ব্লার পাওয়া যাবে।
এ ছাড়া মূল, আলট্রা-ওয়াইড এবং ৫ গুণ অপটিক্যাল জুম টেলিফটো—তিনটি ক্যামেরাই এবার ৪৮ মেগাপিক্সেলের হতে পারে।
ছোট হচ্ছে ডায়নামিক আইল্যান্ড
আইফোন ১৮ প্রো সিরিজে ডায়নামিক আইল্যান্ড প্রায় ৩৫ শতাংশ ছোট হতে পারে।
জানা গেছে, ফেস আইডির কয়েকটি সেন্সর এবার ডিসপ্লের নিচে স্থানান্তর করা হচ্ছে। ফলে ডিসপ্লেতে আরও বেশি জায়গা পাওয়া যাবে। পাশাপাশি ফোনে ব্যবহার করা হতে পারে নতুন গ্রেড-৫ পলিশড টাইটানিয়াম, যা আগের তুলনায় আরও হালকা ও স্ক্র্যাচ-প্রতিরোধী হবে।
বড় ব্যাটারি, দ্রুত চার্জিং
ব্যাটারিতেও বড় পরিবর্তন আনছে অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫ হাজার ৫৬৭ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি, যা আইফোনের ইতিহাসে সবচেয়ে বড়।
এ ছাড়া স্ট্যাকড ব্যাটারি প্রযুক্তির পাশাপাশি ৪০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ২০ ওয়াট ম্যাগসেফ চার্জিং সমর্থন করার সম্ভাবনাও রয়েছে।
কবে আসবে আইফোন ১৮?
ফোর্বসের প্রযুক্তি বিশ্লেষক ডেভিড ফেলানের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক উন্মোচন অনুষ্ঠানে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিক্রি শুরু হতে পারে।
তথ্যসূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফোর্বস, আল-জাজিরা, ম্যাকরিউমারস, ফোনঅ্যারেনা ও ম্যাশেবল।