বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
বাংলাদেশের শ্রমিকরা এখন থেকে ওমানে গিয়ে কৃষি শ্রমিক ভিসায় কৃষিকাজ করতে পারবেন। তাদের জন্য দুয়ার খুলে দিয়েছে দেশটি। সংবাদমাধ্যম ওমান অবজারভার বৃহস্পতিবার (৬ আগস্ট) জানিয়েছে, ওমানের কৃষকদের বাংলাদেশি কৃষি শ্রমিক নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তারা চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।
এরআগে ওমানের কৃষি অ্যাসোসিয়েশন (ওএএ)-এর আল দাহিরা ব্রাঞ্চ কৃষি শ্রমিক নেওয়ার নতুন পোগ্রাম শুরুর ঘোষণা দেয়।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ বাংলাদেশি শ্রমিক নেওয়ার যে অনুমোদন দিয়েছে সেটির ভিত্তিতে নিবন্ধনকৃত কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নেওয়ার (ভিসা) আবেদন করতে পারবেন।
সুবিধাটি অ্যাসোসিয়েশনের আল দাহিরাহ ব্রাঞ্চের নিবন্ধিত সদস্যরাই শুধুমাত্র পাবেন।
আবেদনকারীদের বার্ষিক ফি দেওয়ার প্রমাণ এবং কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট দেখাতে হবে। এরসঙ্গে জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের একটি বৈধ অনুমোদনপত্র এবং অন্যান্য কাগজপত্র দেখাতে হবে।
বাংলাদেশি শ্রমিক নেওয়ার জন্য ওমানের কৃষকরা আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত অ্যাসোসিয়েশনের আল মুরতাফার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। যদি আবেদনে কোনো ধরনের অসঙ্গতি থাকে তাহলে এটি গ্রহণযোগ্য হবে না।
ওমানের একটি সরকারি সেবা কেন্দ্রের (সানাদ) স্বত্ত্বাধিকারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, সবমিলিয়ে ৫ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আর এগুলোর সুবিধা শুধুমাত্র ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যরাই পাবেন। শ্রমিকদের এ কোটা আবার গভর্ননেন্ট পর্যায়ে ভাগ করা হবে। এতে করে একটি অ্যাসোসিয়েশন ৩৩০ জনের বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে পারবে।
কৃষি মৌসুমের সময় ওমানের কৃষকরা যেন শ্রমিক পান তার জন্য বাংলাদেশি শ্রমিক নেওয়ার উদ্যোগটি নেওয়া হয়েছে।