বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। প্রথম টেস্টের আগে চলছে প্রস্তুতি ম্যাচও। যেখানে প্রথম দিন শেষে এগিয়ে রয়েছে টাইগাররা৷ এই ম্যাচ শেষে শুরু হবে টেস্ট সিরিজ। আর আসন্ন এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলতে বেশ রোমাঞ্চিত অজি পেসার জশ হ্যাজলউড।
সম্প্রতি এক পডকাস্টকে হ্যাজলউড বলেন, ‘সিরিজটা শুরু করার আগে অনেক কিছুই অজানা। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর হবে। ভিডিও ফুটেজ তো অবশ্যই আছে, সেখান থেকে ব্যাটসম্যানদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে নেমে তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে নিয়ে নতুন পরিকল্পনা সাজানোর প্রয়োজনও হতে পারে, যা সব সময়ই ব্যতিক্রমী ও নতুনত্বের স্বাদ দেয়।’
উইকেট, কন্ডিশন ও প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ধারণা না থাকায় পরিকল্পনা সাজাতে খানিকটা বেগই পেতে হবে অস্ট্রেলিয়াকে। হ্যাজলউড বলেন, ‘(টেস্টে) পরিকল্পনাটা খুবই সাধারণ। আসল বিষয় হলো ঠিকঠাক বাস্তবায়ন এবং দীর্ঘ সময় ধরে সেটা ধরে রাখা।’
‘খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠের পরিস্থিতিতে খানিকটা পরিবর্তন আসতেই পারে, তবে মোটের ওপর এটি খুব সাধারণ একটি কৌশল। (টেস্টে) খাপ খাইয়ে নেওয়ার জন্য বেশ সময় পাওয়া যায়। প্রথম স্পেলের অর্ধেক পার করে মনে হতে পারে, অন্য কিছু চেষ্টা করা যাক। কিন্তু টি-টোয়েন্টিতে এ সময়টা পাওয়া যায় না… সামান্য ভুল হলেই বল গিয়ে পড়ে সীমানার বাইরে।’