বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ ফের বাড়াল কাতার

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত থাকায় এশিয়া ও ইউরোপের ক্রেতাদের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ওপর জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

ব্লুমবার্গ ও রয়টার্সের বরাতে দোহ নিউজ জানিয়েছে, চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে সীমিত থাকায় কাতারএনার্জি ইউরোপীয় ও এশীয় ক্রেতাদের জানিয়েছে, এলএনজি কার্গো বাতিল অব্যাহত থাকবে।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারএনার্জি চলতি সপ্তাহে পাকিস্তানি ক্রেতাদের জানিয়েছে, এলএনজি কার্গো বাতিল অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে বাংলাদেশে সরবরাহের ওপর জরুরি অবস্থার মেয়াদ সেপ্টেম্বরের পরেও অব্যাহত থাকবে। অন্যান্য ইউরোপের ক্রেতারাও এ সংক্রান্ত নোটিশ পাওয়া শুরু করেছে।

এদিকে ইতালীয় ইউটিলিটি কোম্পানি এডিসন শুক্রবার নিশ্চিত করেছে, কাতারএনার্জি তাদের এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে। এডিসনকে কাতারএনার্জি জানিয়েছে, তারা ইতালির অ্যাড্রিয়াটিক এলএনজি গ্রহণকারী টার্মিনালে নির্ধারিত অতিরিক্ত পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ করতে পারবে না।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে এডিসন বলেছে, এই সামগ্রিক ফোর্স মেজার বা অনিবার্য পরিস্থিতির সময়কাল এপ্রিলের শুরু থেকে ২০২৬ সালের নভেম্বরের শুরু পর্যন্ত বর্ধিত হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত কার্গোর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। কোম্পানিটি বলেছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য বিকল্প ব্যবস্থার দিকে এগোচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: