বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ভারতের উত্তর প্রদেশের কানপুরে প্রশিক্ষণরত একটি দ্বৈত ইঞ্জিনের চার আসনের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও প্রশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানায়, নিহতদের একজন প্রশিক্ষণরত পাইলট এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন। তাদের পরিচয় গুজরাটের বাসিন্দা শচীন ভাটিয়া ও কর্ণাটকের বাসিন্দা অভিষেক পুজারি হিসেবে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণকেন্দ্র থেকে তারা বিমান নিয়ে উড্ডয়ন করেন। প্রশিক্ষণকেন্দ্রে ফেরার সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, ‘প্রশিক্ষকের বিষয়ে আমরা তথ্য পেয়েছি। তার প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তরকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে। পুলিশ পুরো এলাকা নিরাপত্তার আওতায় নিয়েছে।’
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। বিমানের ধাতব অংশগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ডানা ও সাদা রঙের অন্যান্য অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা আরও জানান, প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে ওই প্রশিক্ষণকেন্দ্রে আনা হয়েছিল। দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং এই শোক সহ্য করার শক্তি দিতে তাদের পরিবারের জন্য প্রার্থনা করেন।
এদিকে ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ন্ত্রক তদারকি ও সমন্বয়ের জন্য তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কানপুর বেসামরিক বিমানবন্দরের স্থানীয় উড্ডয়ন এলাকায় বিমানটি প্রশিক্ষণ উড্ডয়নে ছিল। এতে দুজন আরোহী ছিলেন—একজন প্রশিক্ষণরত পাইলট ও একজন প্রশিক্ষক। দুর্ঘটনায় দুজনই প্রাণ হারিয়েছেন।
বেসামরিক বিমান চলাচল মহাপরিদপ্তর জানায়, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী সংস্থাটি দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে। তদন্তের মাধ্যমেই দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ নির্ধারণ করা হবে।
সূত্র: এনডিটিভি