শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তির পাশাপাশি এবার সরকারি ওষুধের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালের একটি ওয়ার্ডের প্রবেশপথের মেঝেতে সরকারি তরল সেলাই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দীর্ঘ সময় ধরে পড়ে থাকলেও বিষয়টি দেখার যেন কেউ নেই।
সম্প্রতি হাসপাতালের হামরুমেলা ওয়ার্ডের প্রবেশপথে মেঝেতে কয়েকটি সরকারি তরল সেলাই পড়ে থাকতে দেখা যায়। ব্যবহারের উপযোগী এসব সরকারি চিকিৎসাসামগ্রী এভাবে মেঝেতে পড়ে থাকায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন বলেন, সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ করা সংশ্লিষ্টদের দায়িত্ব। সংরক্ষণের অভাবে এসব ওষুধ নষ্ট হলে সরকারের অর্থের অপচয় হবে এবং চিকিৎসাসেবায়ও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাদের অভিযোগ, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু হাসপাতালের ভেতরে যদি সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী এভাবে অবহেলায় পড়ে থাকে, তাহলে সরকারের নেওয়া বিভিন্ন স্বাস্থ্যসেবা উদ্যোগের সুফল নিয়ে প্রশ্ন থেকেই যায়।
রোগী ও স্বজনরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং অপচয় রোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছেন তারা।