শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা রোডের উত্তর বাজার এলাকায় কুলাউড়া রাবেয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পদক্ষেপে স্ট্যান্ডটি উধাও হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।
বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের পাশে দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হতো। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর ‘কুলাউড়ায় স্কুলের প্রবেশপথে সিএনজি স্ট্যান্ড’ শিরোনামে সংবাদ প্রকাশ করে টিম জার্নালিস্টের সদস্যরা।
সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে বিদ্যালয়ের প্রবেশপথের পাশ থেকে সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে বিদ্যালয়ের প্রবেশপথ অনেকটা স্বাভাবিক হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, স্কুলের প্রবেশপথে যাতে পুনরায় অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড গড়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
তারা সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি তুলে ধরায় টিম জার্নালিস্টের সদস্যদেরও ধন্যবাদ জানান।