শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর): অনলাইন মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও হয়রানি প্রতিরোধে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক উচ্চপর্যায়ের সংলাপ ‘ঢাকা ডায়ালগ’।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে “DHAKA DIALOGUE: Ending Digital & AI-Facilitated Violence Against Women” শীর্ষক এ বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়।
ডিজিটাল স্পেসে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, কার্যকর নীতি প্রণয়ন এবং এআই ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই ছিল এ সংলাপের মূল লক্ষ্য। এতে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তি, নীতিনির্ধারক, কূটনীতিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আইনমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্য ও ছবি অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া বা বিকৃত কনটেন্ট তৈরির মতো অপরাধ দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
সংলাপে মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম তুলি (এমপি), বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
বক্তারা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ যেমন মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি এর অপব্যবহার নারীর বিরুদ্ধে নতুন ধরনের সহিংসতার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি, পরিচয় বিকৃত করা, অনলাইনে হয়রানি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নারীদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।
এ ধরনের সহিংসতা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করা, ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানসিক সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সংলাপ থেকে নারীর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।