শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নারীর প্রতি ডিজিটাল ও এআই-ভিত্তিক সহিংসতা বন্ধে ‘ঢাকা ডায়ালগ’ গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী মুকসুদপুরে অস্ত্র ও চোরাই মালামালসহ ছিনতাইকারী গ্রেপ্তার আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা সফল করতে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে নকলনবীশ সংকট, ৭-৮ বছরেও মিলছে না মূল দলিল সংবাদ প্রকাশের পর উধাও সিএনজি স্ট্যান্ড, স্বস্তিতে স্কুল শিক্ষার্থীরা জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে বাংলাদেশ ন্যাশনাল লাইফের সিইও কাজিম উদ্দিনকে ডিআরইউ’র বিশেষ সম্মাননা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে বাংলাদেশ

খুলনা থেকে মোঃ নূর আলম : বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এলএনজি আমদানি ও বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে এর একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলা সহজ হতো। বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জ্বালানি সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত ‘এনার্জি টক’-এ বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি) ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা।

সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধনী স্বাগত বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের ব্যবস্থাপক (গবেষণা) ইকবাল ফারুক। এরপর ‘বাংলাদেশের জ্বালানি খাত: জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে’ শীর্ষক বিষয়ভিত্তিক বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

শরীফ জামিল বলেন, জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হলে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসতে হবে।

দুপুর ১২টায় ‘পরিবেশ ও জীবিকার উপর জীবাশ্ম জ্বালানির বিরূপ প্রভাব’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে অতিরিক্ত কার্বন নিঃসরণ হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। জলবায়ু সংকট মোকাবিলা ও সুন্দরবন সুরক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধসহ জীবাশ্ম জ্বালানিনির্ভর নীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে।

দুপুর সাড়ে ১২টায় ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক বক্তব্য দেন ক্লিনের প্রধান নির্বাহী ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্যসচিব হাসান মেহেদী।

তিনি বলেন, ছাদ, খাসজমি এবং কৃষিজমির আইলে সৌরবিদ্যুতের সম্প্রসারণ করা গেলে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের একটি কার্যকর সমাধান হতে পারে। একই সঙ্গে সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে শুল্ক ও অন্যান্য কর শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি জানান তিনি।

দুপুর ১টায় ‘এনার্জি টক’-এর সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষক মনোয়ার মোস্তফা জলি। এনার্জি টক-৫-এর সারসংক্ষেপ তুলে ধরেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সৌরবিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-ইসরায়েল যুদ্ধ প্রমাণ করেছে যে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তাই আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানিকে নিরুৎসাহিত করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: