শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। অভিযুক্ত রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়নের কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি স্বামী পরিত্যক্তা এবং আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে প্রতিবেশী আব্দুল আওয়াল ওরফে রবিন ওই নারীকে বাড়ির পাশে একা পেয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে তার প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে রবিন পালিয়ে যান। এ সময় তারা ওই নারীকে উদ্ধার করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীকে পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।