শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তরুণী।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।
অভিযুক্ত রাকিব উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের এক পল্লী চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন। ভুক্তভোগী তরুণীও একই ইউনিয়নের বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে রাকিবের প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে পারিবারিকভাবে তরুণীর অন্যত্র বিয়ে হয়। তবে বিয়ের পরও রাকিব তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রাখেন। একপর্যায়ে তরুণীর সঙ্গে পুনরায় সম্পর্ক না হলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পরে তাদের মধ্যে আবারও সম্পর্ক তৈরি হয়।
অভিযোগে তরুণী উল্লেখ করেন, গত ৮ জুন রাতে রাকিব বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রাত ৮টার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন রাকিব।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ সময় রাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে গর্ভপাতের ঘটনাও ঘটে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর তরুণীর স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, তরুণীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।