বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দুর্নীতি, অনিয়ম, ঘুষ ও টেন্ডারবাজির অভিযোগে এক মাসের ব্যবধানে পাঁচ নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ সাময়িক বরখাস্ত, কেউ স্ট্যান্ড রিলিজ, আবার কাউকে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্যুৎ, পৌরসভা, জনস্বাস্থ্য, পানি উন্নয়ন ও শিক্ষা প্রকৌশল বিভাগের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে ঘুষ দাবির ভিডিও ছড়িয়ে পড়ার পর পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
একের পর এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় জেলার উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) লক্ষ্মীপুর সভাপতি মো. কামাল হোসেনসহ স্থানীয় প্রতিনিধিরা প্রকল্পগুলোর নিরপেক্ষ নিরীক্ষা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।