বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ার ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র চৌরাস্তা দক্ষিণ বাজারের সম্মুখের সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন রাত পোহালেই এ সড়ক দিয়ে চলাচল করে হাজার হাজার যানবাহন ও অসংখ্য মানুষ। একদিকে বাজারের পণ্য লোডিং-আনলোডিং, অন্যদিকে বিভিন্ন এলাকার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, যাত্রী ওঠানামা, ব্যবসায়ী, বিভিন্ন কর্মস্থলে যাতায়াতকারী মানুষ এবং শিক্ষার্থীদের পদচারণায় সড়কটি সবসময় ব্যস্ত থাকে।
কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের বর্তমান অবস্থা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ। সড়কের দুই পাশে রেললাইনের কাজ চলমান থাকায় এমনিতেই চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
বিষয়টি পৌরসভার দায়িত্বশীলদের অবগত করা হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে রাস্তার ওপর দিয়ে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু দুঃখজনকভাবে ড্রেনের কাজ অর্ধেক সম্পন্ন করে বাকি অংশ অসমাপ্ত রেখেই কাজ বন্ধ হয়ে যায়। ফলে সমস্যার স্থায়ী সমাধান তো হয়নি, বরং সড়কে সৃষ্টি হয়েছে নতুন ঝুঁকি।
প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ স্থানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয়দের প্রশ্ন—কাজ শুরু করে অর্ধেক রেখে দেওয়ার কারণ কী? জনদুর্ভোগের দায়ভার কে নেবে?
দুর্ঘটনা ঘটার পরই কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে?
তাই জনস্বার্থে কুলাউড়া পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে, দ্রুত অসমাপ্ত ড্রেনের কাজ সম্পন্ন করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি নিরাপদ ও চলাচলের উপযোগী করা হোক।
আমরা কোনো দুর্ঘটনার অপেক্ষা করতে চাই না। দুর্ঘটনার আগেই প্রয়োজন কার্যকর করা হোক।
এ বিষয়ে কুলাউড়া পৌর প্রশাসক সানজিদা আক্তার কে সরকারি মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঠিকাদারের কাজের মেয়াদ হতোপারে শেষ, তিনি বিষয়টি দেখছেন এবং ড্রেনের কাজ সম্পূর্ণ করা হবে।