রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে উত্তাল হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই জেলার বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষের মিছিল শহরমুখী হতে থাকে। বিএনপির সংসদ সদস্যের নিজ গ্রাম মাঝিগাতিসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরে জড়ো হলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে শহরের দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন শহরের গোপালগঞ্জ সরকারি কলেজ, মেডিকেল কলেজ এলাকা, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকা, লঞ্চঘাট, বঙ্গবন্ধু সড়ক, ঘোনাপাড়া এবং টুঙ্গিপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে মিছিল ও সমাবেশ করেন বিক্ষোভকারীরা। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ বলে স্লোগান দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের একটি অংশ নিজেদের শেখ হাসিনার ‘রিজার্ভ ফোর্স’ হিসেবে দাবি করে বক্তব্য দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অতীতের মামলা, গ্রেপ্তার ও গুলিবর্ষণের ঘটনার উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েও তাঁদের রাজনৈতিক অবস্থান দমন করা সম্ভব হয়নি বলে দাবি করেন।
বিক্ষোভ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও নাম পরিবর্তনের ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাতে জানা গেছে। আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পুনরায় ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ হাদী চত্বর’-এর নাম বদলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগের নাম ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার স্থাপন করেন। অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উল্লাস প্রকাশ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অভিযোগ উঠেছে, জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়, সেখানে কোন বিএনপি নেতাকর্মি ছিল না। বিক্ষোভকারীরা প্রেসক্লাব গোপালগঞ্জ কার্যালয়ে হামলা চালিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছেন। এ সময় সেখানে টাঙানো বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। পাশাপাশি বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং শহরের লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি সাঁজোয়া যানে (এপিসি) ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। একই সময়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এদিকে শহরের বিভিন্ন স্থানে একদল লোককে লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র হাতে জড়ো ও ঝাড়ু হাতে বিপুল সংখ্যক মহিলা বিক্ষোভকারীদের দেখা যাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি কম ছিল।
তবে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।