সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
বরিশাল ব্যুরো : বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় বলেন, “দয়া করে আমাকে স্যার বলবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই মিলে আমরা একই পরিবারের সদস্য।” তিনি সবাইকে একসঙ্গে কাজ করে উজিরপুর ও বানারীপাড়া উপজেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার (৯ মার্চ) বিকেল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সান্টু বলেন, “আপনাদের সবার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কাজ করে একটি উদাহরণ সৃষ্টি করতে চাই। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনগণকে একটি নতুন ও উন্নত উপজেলা উপহার দিতে চাই।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. বি. এম. জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল্লাহ বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।