শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
শিবালয় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্য হলেন ডা. তাহের সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র নড়াইলে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চাটখিলে দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কোটালীপাড়ায় সাংবাদিককে পিটিয়ে জখম করল ছাত্রদল নেতাকর্মীরা ঈদের আগে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দাও —বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্য হলেন ডা. তাহের

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের ১৫ সদস্যবিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কমিটির অন্যতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও মুহাম্মদ নওশাদ জমির।

এর আগে সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। সংসদ সদস্য হিসেবে এটি তারেক রহমানের প্রথম প্রবেশ।

অধিবেশন শুরুর আগে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। পরে সংসদ নেতা তারেক রহমান প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি করার প্রস্তাব দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবের সমর্থন জানান এবং বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে সমর্থন দেন। সংসদ সদস্যদের সম্মতিতে খন্দকার মোশাররফ হোসেন স্পিকারের আসনে অধিষ্ঠিত হন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের আগে সর্বশেষ সংসদ অধিবেশন শেষ হয় ২০২৪ সালের ৩ জুলাই, যা ছিল বাজেট অধিবেশন। এরপর ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরে অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে এবং নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন। এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন এবং ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন, যার ওপর পরে ধন্যবাদ প্রস্তাব ও আলোচনা অনুষ্ঠিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: