বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে ছাত্রদল নেতা মোঃ দিদার মাহমুদ কে। দিদার মাহমুদ সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক। সোমবার (৩০মার্চ) রাতে সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পর থেকে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কারের ছবি শেয়ার করে তারা এর প্রতিবাদ জানান।
সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শামীম লিখেন, “জাতীয় নির্বাচনের পুরো সময়টা দিদার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার গাড়ি বহরে থেকে মিডিয়া কভারেজের দায়িত্ব পালন করেছে। করেছে জুলাই আন্দোলন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ভুল থাকতে পারে। আমরা কেউ ভুলের উর্ধ্ব নয়। চিহ্নিত অনেক অপকর্মকারী আপনাদের সাথে মাখামাখি করে তারা কেনো বহিষ্কার হয় না?
দিদারদের সমস্যা মুখের উপর সত্য বলে।চামচামী বা তেলবাজী করে না। বহিষ্কার কোনো সমাধান নয়। আশা করছি দিদারের প্রতি জুলুমের সমাপ্তি হবে”।
কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক আরএন রাজু লিখেন, “তীব্র নিন্দা জানাচ্ছি দিদারের বহিষ্কারের। আজ খুব সহজেই দিদারকে বহিষ্কার করছেন, কিন্তু ৫ তারিখের আগে এই দিদাররা ছাড়া রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করার লোক ছিল না। ২রা আগষ্ট লীগের হামলায় আহত হয়েও ঠিকই পরের দিন আবার রাস্তায় মিছিল করেছে। তখন ঐসব সুবিধাবাদিরা ছিল না। একটা মিছিল করতে ২০জন লোক পেতে কষ্ট হইতো আর আজকাল নেতাদের বাসায় শতশত লেতা বসে বসে ভাইয়ের বাসা পাহারা দেয়। দিদার রাজপথে তৈরি হয়েছে ভাইয়ের চামচামি বা বাসা পাহারা দিয়ে নয়”।
ছাত্রদল নেতা মুসা আবদুল্লাহ লিখেন, “কাকে খুশি করতে দিদার কে বহিষ্কার করলেন? দিদার চর রমনী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আছে থাকবে”। সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া লিখেন, “দলের দূ:সময়ে যখন কেউ মিছিল মিটিংয়ে আসতো না। তখন এই দিদাররাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ গরম করতো”।
বহিষ্কারের বিষয়ে দিদার মাহমুদ বলেন, আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করি। আমাদের স্থানীয় ইউপি মেম্বার নয়ন বেগমের বিভিন্ন অন্যায়-অনিয়মের প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। এটি আমার উপর জুলুম করা হয়েছে।
সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও সদর থানা বিএনপির নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক এড. মাহবুবুর রহমান খোকন বলেন, দিদার দলীয় শৃঙ্খল ভঙ্গ করে গুরুতর অপরাধ করেছে। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।