বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের ‘আমানা বিগ বাজার’ শপিং মলে সাধারণ ভোক্তাদের পকেট কাটতে অভিনব জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। পণ্যের গায়ে আগের দামের ওপর নতুন মূল্যের ‘সিল’ বা স্টিকার লাগিয়ে প্রতারণা, ক্যাশ মেমো ছাড়া পণ্য বিক্রি এবং গোপনে মাদক সেবনের উপকরণ (ফুয়েল পেপার) বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

মূল্য তালিকায় জালিয়াতি ও ভ্যাট ফাঁকি:
সরেজমিনে দেখা গেছে, আমানা বিগ বাজার কর্তৃপক্ষ অধিকাংশ পণ্যের গায়ে নির্ধারিত দামের ওপর বেশি মূল্যের দ্বিতীয় একটি প্রাইস স্টিকার লাগিয়েছে। ডিজিটাল মেশিনে স্ক্যান করার সময় ক্রেতাদের কাছ থেকে সেই বাড়তি দামই আদায় করা হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, অনেক ক্ষেত্রে স্ক্যান করা হলেও ক্রেতাদের কোনো পাকা ক্যাশ মেমো বা সরকারি ভ্যাট চালানের রশিদ দেওয়া হচ্ছে না। হাতে লেখা চিরকুট বা কোনো রসিদ ছাড়াই পণ্য বিক্রির মাধ্যমে বড় অঙ্কের সরকারি রাজস্ব (ভ্যাট) আত্মসাতের অভিযোগ উঠেছে।

মাদকের উপকরণ বিক্রির অভিযোগ:
সবচেয়ে উদ্বেগের বিষয়, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আমানা বিগ বাজার বনপাড়া শাখায় কোনো প্রকার ক্যাশ রসিদ ছাড়াই ‘ফুয়েল পেপার’ (যা মাদক সেবনের অন্যতম উপকরণ হিসেবে পরিচিত) বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তথ্য গোপন রাখতে এবং আইনি ঝামেলা এড়াতে এ পণ্যের বিপরীতে কোনো কম্পিউটারাইজড মেমো দেওয়া হয় না। এ প্রতিবেদকের হাতে আসা একটি কল রেকর্ডে শপিং মলের ম্যানেজারকে ক্যাশ রসিদ ছাড়া নিয়মিত এই পণ্য বিক্রির কথা স্বীকার করতে শোনা গেছে বলে দাবি করা হয়েছে।

ভোক্তা অধিকার ও আইনি ঝুঁকি:
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, পণ্যের গায়ের দামের চেয়ে বেশি মূল্য আদায় এবং ক্যাশ মেমো না দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সহযোগিতা না করে তার সহায়ক উপকরণ বিক্রি করাও আইনত দণ্ডনীয়। এ ধরনের অপরাধে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল, জরিমানা এবং সংশ্লিষ্টদের কারাদণ্ডের বিধান রয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য:
এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান পৌর প্রশাসক মো. জুবায়ের জাহাঙ্গীরকে অবগত করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ ক্রেতা ও তরুণ প্রজন্ম বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: