মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম
টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসায় দূর্নীতির অভিযোগ; সাবেক কমিটি হিসাব দিতে গড়িমসি লৌহজং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি), লৌহজং কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৫ সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ

চাঞ্চল্যকর বুলেট বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৫

আবদুল মান্নান কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এ ঘটনায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে বুলেট বৈরাগী(৩৫) নামে এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পরবর্তীতে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, এমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও মো. সুজন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ব্যাগ ও পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, স্ক্রু ড্রাইভার, ফোরজিং হ্যামার, প্লায়ার্স, মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছে।

তারা মূলত রাতে যাত্রীদের টার্গেট করে সিএনজিতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত। ঘটনার দিন গভীর রাতে জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় ওৎ পেতে থাকা আসামিরা বুলেট বৈরাগীকে সিএনজিতে তুলে নেয়। পরে চলন্ত গাড়ির ভেতরে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। একপর্যায়ে কোটবাড়ি এলাকায় পৌঁছে তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলেও র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও যানবাহন উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: