শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক : রাজধানীতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও এর অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় বিজয়নগর কেন্দ্রীয় দপ্তর থেকে র্যালিটি শুরু হয়ে পল্টন জাতীয় প্রেসক্লাব এলাকা ঘুরে পুনরায় বিজয়নগরে এসে শেষ হয়।
র্যালি শেষে বিজয়নগর কেন্দ্রীয় দপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোসাদেক হোসেন স্বপন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, আইন শালিশী বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফয়সাল ইবনে কবির, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মজিবর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজী মো. নূরে আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা।
সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু, আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এছাড়া রানা প্লাজা ধস ও তাজরীন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বন্ধ কলকারখানা চালু, গ্রাম পুলিশ কর্মচারীদের ১৯ ও ২০ গ্রেডে উন্নীতকরণ এবং পরিবহন, পাদুকা, ঔষধ, স্টিল মিলসহ সব খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশ শেষে শ্রমিক নেতারা জানান, দাবি আদায়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।