বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন তথ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জি ও রেভ স্পোর্টসকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই দেশে ফিরতে চান।
বর্তমানে সাকিব খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এই টুর্নামেন্ট শেষে নেপাল প্রিমিয়ার লিগেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। ফলে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অলরাউন্ডার।
তবে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না সাকিব। ফলে জাতীয় দলে খেলার পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও তার অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল। এরপর অনেকেই আশা করেছিলেন, সাকিবের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।
বিসিবি সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “একবার তার (তামিম) সঙ্গে কথা হয়েছে। ক্যাপ্টেন কার্ড ইস্যুতে কথা হয়েছিল।”
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি ও তার পরিবার বাংলাদেশকে মিস করেন কি না এবং নিকট ভবিষ্যতে দেশে ফেরার সম্ভাবনা আছে কি না।
জবাবে সাকিব বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।”
দেশের জন্য দীর্ঘদিন অবদান রাখার পরও দেশে ফিরতে না পারাকে তিনি অন্যায় মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আমি কী ভাবছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।”
সাকিবের এই মন্তব্যের পর দেশে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।