সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৯৪টি ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আব্দুল মুহিত বাবলুর সভাপতিত্বে এবং সদস্য আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক সানজিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সানজিদা আক্তার বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, কুলাউড়ার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। বিতরণ করা ক্রীড়া সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় কুলাউড়ার ৯৪টি ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা, র্যাকেট, ব্যাডমিন্টন নেট ও শাটল।