বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) একযোগে বদলি করা হয়েছে। গত রবিবার (১৫ নভেম্বর) সরকারের পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ প্রশাসনের শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগের প্রেক্ষাপটে প্রশাসন ও পুলিশের শীর্ষ এই দুই পদে একযোগে এই পরিবর্তন এল। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই দুই শীর্ষ কর্মকর্তার যোগদানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।