বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
মো. শফিকুল ইসলাম, শিবচর উপজেলা প্রতিনিধি :: মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে জোনায়েদ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জোনায়েদ মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা ও ওবায়দুর খালাসির ছেলে। তার পরিবার শিবচর স্বাস্থ্য কলোনি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। শিশুটির নানাবাড়ি শিবচর উপজেলার বহেরাতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোনায়েদ কয়েকজন বন্ধুর সঙ্গে শিবচর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাদের সঙ্গে লাইফ জ্যাকেট থাকলেও কেউ তা ব্যবহার করেনি। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় জোনায়েদ। পরে সে পানিতে তলিয়ে যায়।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এদিকে মাত্র ১০ বছর বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শিবচর স্বাস্থ্য কলোনি ও শিশুটির নানাবাড়ি বহেরাতলা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শিশুদের পানিতে গোসলের সময় নিরাপত্তা ও লাইফ জ্যাকেট ব্যবহারের বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।