বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সহিংসতার ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে অভিযানের নামে কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার উন্মুক্ত স্থানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি-বেসরকারি স্থাপনা এবং নাগরিকদের জানমাল রক্ষার্থে জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ এরই মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
রোববার (১৫ নভেম্বর) জেলায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি। তিনি বলেন, ‘গ্রেপ্তারের সঠিক সংখ্যাটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। জেলার পাঁচটি থানার পরিসংখ্যান সংগ্রহ করে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয় খোলার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মো. মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি প্রচলিত আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগতভাবেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।