শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :: সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা সফর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ চার বাহিনীর প্রধান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তাঁরা গোপালগঞ্জে আসেন।
আইজিপির সঙ্গে সফরে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সফরের শুরুতে তাঁরা মুকসুদপুর থানা ও সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তবে তাঁরা টুঙ্গিপাড়া থানায় যাননি বলে জানা গেছে। এরপর চার বাহিনীর প্রধান গোপালগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। দুপুরে তাঁরা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ, বাহিনীর স্থাপনা ও যানবাহনে হামলা এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
সফরকালে আইজিপি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের আয়োজন করেননি। তবে একপর্যায়ে স্থানীয় সাংবাদিকরা চলন্ত অবস্থায় তাঁর কাছে গেলে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “সার্বিক পরিস্থিতি আজও পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।” সামনে জেলায় কোনো বিশেষ বা সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।”
সাম্প্রতিক সময়ে থানায় অগ্নিসংযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, থানাগুলো জনগণের জন্যই তৈরি করা হয়েছে। জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে—এমন প্রশ্নও তোলেন তিনি। পুলিশ সদস্যের সংখ্যা সীমিত উল্লেখ করে তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই যারা এলাকায় অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার পাশাপাশি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
চার বাহিনীর প্রধানের এই সফরকে কেন্দ্র করে সার্কিট হাউস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ সময় জেলা ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।