রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদরের সাবেক এমপি জাহিদ ফারুক শামীমকে বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় গ্রেপ্তার করে বরিশাল আনা হয়েছে। তাকে আজ সোমবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারের উদ্দেশে তোলার কথা রয়েছে।
এর আগে তাকে ঢাকায় বারিধারাস্থ নিজ বাসভবন থেকে রোববার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেন। এরপর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এবং পরবর্তীতে নিরাপত্তার জন্য জেলখানায় আনা হয়।
দুপুরে তাকে বরিশাল সিএমএম কোর্টে এজলাসে তোলা হবে বলে জানা গেছে। এজন্য সকাল থেকেই আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ভোরে ঢাকা তাকে বরিশাল নিয়ে আসা হয়েছে। বিএনপি কার্যালয় ভাংচুরের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই অভিযোগে জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৬ থেকে ৭শ’ জনকে।