রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি সদরের বাপ্তা পাইলট এলাকায়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ২৮ কেজি ৫শ’ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এছাড়াও ১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ৬টি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।
ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যায়। পরে পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানায়, ভোলা সদর উপজেলা ও তৎসলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌ বাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
রাতেই আটককৃতদের এবং জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাত থাকবে বলে জানায় যৌথ বাহিনী।