শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক জানিয়েছেন, ১০ হাজার টাকা চুক্তিতে জেলা নির্বাচন অফিসে আগুন দেয় আসামি মো. রুবেল (৪১)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার তার কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত রুবেল লক্ষ্মীপুর পৌরসভা (১০নং ওয়ার্ড) মজুপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মৃত আব্দুল হাসের ছেলে ও সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।
পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামাল (এমপি’র) এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্ব ২ হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরবর্তী সময় চুক্তির ৮হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী। এছাড়া তার ছোট ভাই আব্দুল আজিজ হাকিম ছাত্রলীগ করার কারণে তার বিদ্যুৎ অফিস থেকে চাকরি চলে যায়। দীর্ঘদিন বেকারত্ব থাকার কারণে আসামি রুবেল লোভে পড়ে আগুন দেয় জেলা নির্বাচন অফিসে।
গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার আদালতে নেওয়া হলে রুবেল আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত: ১২ তারিখ দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মুখোশ পরা এক যুবক। অফিসের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে অনুসন্ধানে নামে। এরপর পুলিশ একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে।