বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ধর্মশিং চাকমা হত্যার ঘটনায় সন্তু লারমার অপসারণ ও বিচার দাবি

রাঙামাটি প্রতিনিধি :
গণতান্ত্রিক যুব ফোরামের সহ-সভাপতি ধর্মশিং চাকমার হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা-কে দায়ী করে তাঁর অপসারণ ও বিচার দাবি করেছে সংগঠনটি।

বুধবার দুপুরে রাঙামাটির কুতুকছড়ি এলাকার একটি আবাসিক এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে সন্তু লারমা প্রতিমন্ত্রীর মর্যাদায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যদিও তিনি কোনো নির্বাচনের মাধ্যমে এ পদে আসেননি বলে অভিযোগ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, ধর্মশিং চাকমার হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সন্তু লারমা জড়িত এবং এসব ঘটনার কোনো বিচার হয়নি। তারা দাবি করেন, তাঁকে হুকুমের আসামি হিসেবে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া, নিহত ধর্মশিং চাকমার পরিবারের দায়িত্ব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে তাঁর বিধবা স্ত্রীর ভরণপোষণ এবং আহত দুই বোনের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক থুইনুমং মারমা, পিসিপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক চয়ন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিপনা চাকমা বক্তব্য দেন। এ সময় নারী সংঘের সহ-সভাপতি রিনিশা চাকমা ও নিহতের স্ত্রী রুনা চাকমাও উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: