সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সরকারি টয়লেট প্রকল্পে অসহায় মানুষের বুক চিরে চলছে কোটি টাকার চাঁদাবাজি। উপজেলার ৭টি ইউনিয়নে ল্যাট্রিন বরাদ্দের নামে দরিদ্র মানুষের কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা করে ‘সহায়ক চাঁদা’ হাতিয়ে নেওয়া হচ্ছে। আর এই মহাদুর্নীতির পেছনে খোদ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সৈকত সাহেব সরাসরি জড়িত বলে বিস্ফোরক তথ্য মিলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে সরকারি বরাদ্দের বিনিময়ে ৫ হাজার টাকা নগদ আদায় করা হচ্ছে। জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন এবং পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, এই চাঁদা তোলার পেছনে মূল কারিগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সৈকত সাহেব। তার সরাসরি সম্পৃক্ততা ও নির্দেশেই ইউনিয়ন পর্যায় থেকে এই বিপুল অংকের টাকা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে জোয়ারী ইউনিয়নের ১০৪টি টয়লেটের বিপরীতে লাখ লাখ টাকা তুলে পকেটস্থ করা হয়েছে। দুর্নীতির এই উৎসবকে আড়াল করতে সাধারণ মানুষ তো বটেই, সংবাদকর্মীদের সাথেও জোয়ার চেয়ারম্যান আকবর হোসেন চরম অসদাচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।

অথচ জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, অসহায় ও দরিদ্র মানুষকে টয়লেট প্রদানের বিপরীতে কোনো ধরনের ফি বা চাঁদা নেওয়ার বিধান নেই। রাজশাহী সার্কেল অফিস এবং নাটোর জেলা অফিসের নির্বাহী প্রকৌশলী স্পষ্ট জানিয়েছেন, সরকার এ ধরনের কোনো টাকা নির্ধারণ করেনি। যদি কখনো কোনো ফি নেওয়াও হয়, তা বিজ্ঞপ্তি দিয়ে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হয়। নগদ টাকা তোলার কোনো নিয়ম নেই। কর্মকর্তাদের অজান্তে বা তাদের নাম ভাঙিয়ে এভাবে টাকা তোলা সম্পূর্ণ অবৈধ ও ফৌজদারি অপরাধ।

স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অসহায়দের সরকারি অনুদান দেওয়ার নামে যারা কোটি টাকার বাণিজ্য করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।” সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নাকের ডগায় বসে একজন সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিধিদের এমন সিন্ডিকেট করে গরীবের রক্ত চোষা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত সাপেক্ষে আত্মসাৎকৃত টাকা ফেরত এবং জড়িতদের আইন অনুযায়ী কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন বড়াইগ্রামের সাধারণ মানুষ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: