বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়নে পাঠানোর সময় ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার খানজাপুর ইউনিয়নের বরিশাল-ঢাকা মহাসড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে সারবোঝাই একটি ভ্যান আটক করে স্থানীয়রা। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমকে জানানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সারগুলো পরিদর্শন করেন এবং ভ্যানচালক ও সার ডিলার সিরাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় ভ্যান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়। ভ্যানচালক রাশেদ জানান, সকালে তিনি টরকী বন্দরে মাছ নিয়ে যান। ফেরার পথে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার তাকে সারগুলো খানজাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার সার বিক্রেতা কমলের দোকানে পৌঁছে দিতে বলেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিলার সিরাজ হাওলাদার সার অন্য ইউনিয়নে পাঠানোর ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জব্দ করা ১৫ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত না করে এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়ন বা উপজেলায় পাঠানো বিধিসম্মত নয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ উপস্থিত ছিলেন।