শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে জিআর বরাদ্দ হস্তান্তর নড়াইলে দুগ্ধ সমবায় সমিতির ৫০ জনের মাঝে ঋণের চেক বিতরণ গোপালগঞ্জ রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠিত তিন বছরে বন্ধ হয়েছে ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা: বাণিজ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি লক্ষ্মীপুরের বিতর্কিত প্রকৌশলী ইকবাল স্ট্যান্ড রিলিজ কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান, এহছানুল হককে পরিকল্পনা কমিশনে বদলি জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের বিকল্প নেই – জহির উদ্দিন স্বপন

জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের বিকল্প নেই – জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশের সব উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ পণ্য উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে জিয়া-খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি)।

মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, “আমাদের দেশের সমস্ত উৎপাদনের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে চাই, সর্বোচ্চ পণ্য উৎপাদন করে যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই, তাহলে আমাদের সামনে জিয়া-খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, দেশকে পরিবর্তন করে একটি আধুনিক ও সময়োপযোগী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে চান তিনি। এ জন্য নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অতীতে পরিচালিত বিচারপ্রক্রিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আইনের নামে যে প্রহসন করা হয়েছে, আমাদের দল বিচার ব্যবস্থাকে ন্যূনতমভাবে প্রভাবিত করতে চায় না।”

জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেছেন এবং অডিও রেকর্ডসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই অপরাধীদের বিচার করা হবে। কেউ বিদেশে পালিয়ে থাকলেও আইনগত প্রক্রিয়া থেকে তারা রেহাই পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি আমার কাছে এবাদত। আমি জানি, আমিসহ সকল মানুষের মৃত্যু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। আমার চেহারা একটি। সারা জীবন যেন একই চেহারা নিয়ে থাকতে পারি।”

আবেগঘন বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দিয়ে গৌরনদীতে এসে যে কথা বলেছিলেন, আজও তিনি সেই অবস্থানেই রয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত একই অবস্থানে থাকার জন্য নেতাকর্মীদের কাছে দোয়া চান তিনি।

তিনি বলেন, “উপদেষ্টা পদে আছি, নাকি চেয়ারম্যানের উপদেষ্টা, প্রধানমন্ত্রী উপদেষ্টা, সংসদীয় কমিটির চেয়ারম্যান (মন্ত্রী মর্যাদা)—এটা আমার কাছে বিবেচ্য নয়। আমি আপনাদের জহির উদ্দিন স্বপন—এই পরিচয়ই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে বাংলাদেশে জুলাই শহীদসহ সকল শহীদের রক্তের মর্যাদা আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব, ইনশাল্লাহ।”

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর আলম খান সেন্টু।

এছাড়া বক্তব্য দেন গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা বেগম, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তাদের বক্তব্য শেষে মাগরিবের আজানের পূর্বমুহূর্তে প্রধান অতিথির বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন। সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: