বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় বসতবাড়ি, চলাচলের রাস্তা ও নিচু এলাকায় মাসের পর মাস আটকে রয়েছে ময়লা-আবর্জনা মিশ্রিত নোংরা পানি। এতে পোহাতে হচ্ছে মারাত্মক দুর্ভোগ, আর একই সাথে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের আতঙ্ক।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার অধিকাংশ এলাকার পানি নিষ্কাশন পথগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই পানি আটকে যায়। জমে থাকা সেই পানি মাসের পর মাস সরছে না। বহু জায়গায় যাতায়াতের পথ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে। বাধ্য হয়ে হাঁটু সমান দুর্গন্ধযুক্ত পানি ভেঙে চলাচল করছেন সাধারণ মানুষ। সবচাইতে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধরা। সাময়িকভাবে চলাচলের জন্য অনেক স্থানে ইট বিছিয়ে দেওয়া হলেও তা কোনো কাজে আসছে না।

​সরেজমিনে ঘুরে দেখা যায়, জমে থাকা পচা পানিতে প্লাস্টিক বর্জ্য ও ময়লা জমে এক বিষাক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। পচা ও জমে থাকা পানি এখন রূপ নিয়েছে মশার অভয়ারণ্যে। দীর্ঘ সময় ধরে এই নোংরা পানির সংস্পর্শে আসায় স্থানীয়দের মধ্যে চর্মরোগ, চুলকানি ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।

​ভুক্তভোগী পৌরবাসীদের দাবি, অবিলম্বে ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানি চলাচলের পথ সচল করতে হবে। সেই সাথে যেসব এলাকায় স্থায়ী নর্দমা নেই, সেখানে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

​নাগরিক দুর্ভোগ লাঘব ও জনস্বাস্থ্যের তীব্র ঝুঁকি এড়াতে পৌর কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন গৌরনদীর সর্বস্তরের জনগণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: